Published : 07 Aug 2026, 09:16 PM
ডায়াবেটিস বলতে আমরা সাধারণত টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসের কথা ভাবি। কিন্তু সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানে এক নতুন ধরন সামনে এসেছে—টাইপ-৫ ডায়াবেটিস। এটি মূলত দীর্ঘদিনের পুষ্টির অভাব বা অপুষ্টির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত একটি স্বতন্ত্র রোগ। আন্তর্জাতিক ডায়াবেটিস বিশেষজ্ঞরা এই নতুন রোগটির গুরুত্ব বুঝতে শুরু করেছেন। পূর্বে এই অবস্থাটিকে অপুষ্টিজনিত ‘ডায়াবেটিস মেলাইটাস’ নামে অভিহিত করা হতো, কিন্তু পরবর্তীকালে এর গুরুত্ব কম আলোচিত হয়। নতুন গবেষণাগুলো প্রমাণ করেছে যে টাইপ-১ বা টাইপ-২ ডায়াবেটিসের থেকে টাইপ-৫ ডায়াবেটিসের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। তাই এটিকে আলাদাভাবে চিহ্নিত করে চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি।
কেন এই রোগটি হয়? শৈশব ও কৈশোরে পর্যাপ্ত প্রোটিন ও ক্যালরির অভাবে শরীরের অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং ইনসুলিন উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। ফলে টাইপ-৫ ডায়াবেটিস রোগীদের শরীরে সাধারণত ওজন কম থাকে এবং তারা রোগা হন। তবে এটি অটোইমিউনজনিত টাইপ-১ ডায়াবেটিসের মতো নয়, আবার স্থূলতা বা ইনসুলিন প্রতিরোধের মতো টাইপ-২ ডায়াবেটিসের কারণও নয়। এই ধরনের রোগ প্রধানত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বেশি দেখা যায়, যেখানে শৈশবের অপুষ্টি এখনও একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশ, ভারত, নেপাল এবং আফ্রিকার অনেক অঞ্চলেই এই রোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের দেশে অনেক রোগা ও তরুণ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে ভুল করে টাইপ-১ বা টাইপ-২ হিসেবে চিকিৎসা দেওয়া হয়, যার ফলে চিকিৎসার ফল প্রত্যাশিত হয় না। লক্ষণগুলো অন্যান্য ডায়াবেটিসের মতোই হতে পারে—যেমন অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ওজন হ্রাস এবং দুর্বলতা অনুভব করা।
তবে সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের উচিত রোগীর শারীরিক গঠন, অপুষ্টির ইতিহাস এবং কিছু নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে টাইপ-৫ ডায়াবেটিসের সম্ভাবনা যাচাই করা। চিকিৎসার মূল লক্ষ্য কেবল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা নয়; বরং পুষ্টির ঘাটতি পূরণ এবং সুষম খাদ্য নিশ্চিত করা এই রোগের চিকিৎসার একটি অপরিহার্য অংশ। অনেক ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ যথেষ্ট হতে পারে, আবার কারো জন্য ইনসুলিনের প্রয়োজনও হতে পারে। তাই প্রতিটি রোগীর অবস্থা অনুযায়ী ব্যক্তিগতকৃত চিকিৎসা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। —ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
রাতের খাবার: কোন খাবারগুলো ঘুমের ও হজমের জন্য ডেকে আনে বিপদ?